শোকজের জবাব দিলেন হুমায়ুন কবীর, ডেবরার বিধায়ক জানালেন, কেন সেদিন নিহত মেয়ের বাড়িতে যান!

কলকাতা- দলকে না জানিয়ে কালীগঞ্জে বোমা হামলায় নিহত নাবালিকার বাড়িতে গিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার পর বিধায়ককে শোকজ করে দল। অবশেষে সোমবার দুপুরে শোকজের জবাব দিলেন প্রাক্তন পুলিশকর্তা তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর।

গত সোমবার কালীগঞ্জে বিধানসভার ফল ঘোষণা হওয়ার পর বিজয় মিছিল বের করে শাসকদলের কর্মী- সমর্থকেরা। সেই মিছিল থেকে সকেট বোমা ছোড়া হয় সিপিএম সমর্থকদের বাড়ির উদ্দেশে। সেই সময় বছর ন’য়ের তামান্না মায়ের সঙ্গে বাড়িতে দাঁড়িয়ে ছিল। কিছু বোঝার আগেই বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তামান্না।

তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ছোট্ট তামান্নাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর গত বুধবার তামান্নার বাড়িতে যান ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মোটা অঙ্কের আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই টাকা নিতে অস্বীকার করেন তামান্নার বাবা-মা।

বিধায়কের কাছে তাঁরা আর্জি জানান, ‘আমার মেয়ের খুনিদের শাস্তি দিলেই আমাদের শান্তি হবে।’ সঙ্গে তাঁরা এও জানান, ‘যিনি জিতলেন, বিধায়ক হলেন, তিনি তো একবারও এলেন না। তাঁর মনে হল না মেয়েটা এভাবে মারা গেল, আমার সেখানে যাওয়া দরকার।?’

দলের অনুমতি ছাড়া কেন নিহতের বাড়িতে গেলেন তৃণমূল বিধায়ক? তা নিয়ে বেজায় ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় হুমায়ুনের কাছে জবাব চায় দল। অবশেষে পাঁচদিন পর জবাব দিলেন ডেবরার বিধায়ক। দলের প্রশ্নের জবাবে হুমায়ুন জানিয়েছেন, ‘রাজনৈতিক কারণে আমি তামান্নার বাড়িতে যাইনি। আমার একটি অরাজনৈতিক দল রয়েছে। সেখান থেকে আমি বহু মানুষকে সাহায্য করি। নাবালিকার বাবা-মাকে যে আর্থিক সাহায্য করতে চেয়েছিলাম তাও আমার সংগঠন থেকেই। কিন্তু সেই অর্থ প্রত্যাখান করেছেন তামান্নার পরিবার।’ এখন দেখার বিধায়কের জবাবে দল সন্তুষ্ট হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *