কলকাতা- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে প্রবল উত্তেজনা। বুধবার দুপুরে সিইও অফিস ঘিরে তৃণমূলপন্থী বিএলও এবং এসইউসিআই কর্মীদের জোড়া বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে স্ট্র্যান্ড রোড।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশ ওই এলাকায় ১৬৩ ধারার (আগে যা ১৪৪ ধারা ছিল) পরিধি এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে।
বুধবার দুপুরে সিইও মনোজ আগরওয়াল যখন দপ্তরে প্রবেশ করছিলেন, তখনই তাঁর গাড়ি ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূলপন্থী বিএলও-রা। বিক্ষোভের জেরে স্ট্র্যান্ড রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাবুঘাট থেকে হাওড়াগামী বাস চলাচল স্তব্ধ হয়ে পড়ায় নাজেহাল হন সাধারণ যাত্রীরা।
নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে কেবল সিইও অফিসের সামনেই নয়, বরং কয়লাঘাটা ক্রসিং থেকে কিরণশঙ্কর রায় রোড পর্যন্ত এবং স্ট্র্যান্ড রোডের দু’পাশের ফুটপাতে ১৬৩ ধারা জারি থাকবে। অর্থাৎ, এই এলাকায় কোনো প্রকার জমায়েত বা মিছিল নিষিদ্ধ।
উল্লেখ্য, তৃণমূলপন্থী বিএলও-দের অভিযোগ ছিল, ব্যাগ ভর্তি করে কয়েকজন ব্যক্তি ‘ফর্ম-৬’ (ভোটার তালিকায় নাম তোলার ফর্ম) অবৈধভাবে সিইও অফিসে জমা দিতে এসেছেন। এই নিয়ে বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরাও সেখানে উপস্থিত হলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও স্লোগান-পাল্টা স্লোগানের পরিস্থিতি তৈরি হয়।
