কলকাতা- ২০২৬ রাজ্যসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করল ভারতীয় জনতা পার্টি।
দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গের একমাত্র প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে।
বিধানসভা নির্বাচনের আগে অভিজ্ঞ এই নেতাকে উচ্চকক্ষে পাঠানো বিজেপির বড় কৌশলগত চাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিহার থেকে নীতিন নবীন ও শিবেশ কুমার, অসম থেকে তেরাশ গোয়ালা ও যোগেন মোহন এবং ওড়িশা থেকে মনমোহন সামল ও সুজিত কুমারকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়া ছত্তিশগড় থেকে লক্ষ্মী বর্মা এবং হরিয়ানা থেকে সঞ্জয় ভাটিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলায় পাঁচটি খালি হতে চলা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসও তাদের চার প্রার্থীর নাম ঘোষণা করে বড় চমক দিয়েছে। তৃণমূলের তালিকায় রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি প্রশাসনিক ও বিনোদন জগতের সমন্বয় ঘটানো হয়েছে।
তৃণমূলের হয়ে উচ্চকক্ষে যাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামী।
