কলকাতা- এশিয়া কাপে আসন্ন ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ বাতিলের দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলা (PIL) জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট।
বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিজয় বিষ্ণোই -এর সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এই মামলাটিকে জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করতে সরাসরি প্রত্যাখ্যান করে। আদালতের স্পষ্ট বক্তব্য, “ম্যাচ চলতে থাকুক।”
মামলার আবেদনকারী চার আইন ছাত্র শুক্রবারই শুনানির জন্য চাপ দেন। বিচারপতি মাহেশ্বরী স্পষ্ট ভাষায় বলেন, “এত কীসের তাড়া? এটা তো একটা ম্যাচ, হতে দিন।”
আইনজীবী দাবি করেন, রবিবার ম্যাচটি রয়েছে এবং দ্রুত শুনানি না হলে আবেদনটি অর্থহীন হয়ে যাবে। এর উত্তরে বিচারপতি বলেন, “ম্যাচ কি এই রবিবার? তাতে আমরা কী করতে পারি? ম্যাচ চলতে থাকুক।”
আদালতের বারবার প্রত্যাখ্যান সত্ত্বেও আইনজীবী তাঁর আবেদন শোনার জন্য অনুরোধ করতে থাকেন। তিনি দাবি করেন, তাঁর আবেদন দুর্বল হোক বা শক্তিশালী, অন্তত তা শোনা উচিত। কিন্তু বেঞ্চ তার অবস্থানে অনড় থাকে।
আবেদনে দাবি ছিল, পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো ঘটনার এত অল্প সময়ের মধ্যে পাকিস্তানের সঙ্গে খেলা ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’। ভারতীয় সেনা তাঁদের জীবন উৎসর্গ করছে, তখন আমরা সেই দেশের সঙ্গে খেলাধুলা উদযাপন করছি যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। এটি নিহতদের পরিবারের অনুভূতিতেও আঘাত করতে পারে।
