কলকাতা- সব সরকারি অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনে তিন মিনিট দশ সেকেন্ড দৈর্ঘ্যের ‘বন্দেমাতরম’-এর ছয় স্তবকের অনুমোদিত সংস্করণ বাজানো বা গাওয়া বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার।
সরকারি সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকতা ও প্রোটোকলের একরূপতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্যগুলির কাছে ইতিমধ্যেই নির্দিষ্ট সংস্করণ ও সময়সীমা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মুহূর্তে—বিশেষ করে জাতীয় পতাকা উত্তোলনের সময় এবং রাষ্ট্রপতির আগমন উপলক্ষে—‘বন্দেমাতরম’ পরিবেশন করতে হবে।
রাষ্ট্রপতির ভাষণ বা জাতির উদ্দেশে ভাষণের আগে ও পরে এই ছয় স্তবকের সংস্করণ বাজানো বা গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারি কর্মসূচিতে রাজ্যপালের আগমন ও ভাষণের আগে এবং পরে নির্ধারিত সংস্করণের ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে।
