কলকাতা- একদিকে যখন রাজভবনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, ঠিক তখনই সমাজমাধ্যমে নিজের দীর্ঘদিনের পরিচয় পরিবর্তন করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উল্লেখযোগ্যভাবে, নিজের নতুন পরিচয়ে ‘প্রাক্তন’ শব্দটি ব্যবহার করেননি তিনি।
শনিবার শপথগ্রহণের পরেই শুভেন্দু অধিকারীর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডলে বড়সড় বদল আসে। তাঁর নামের পাশে এখন জ্বলজ্বল করছে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ পরিচয়। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাধিক্য নিয়ে জয়ের পর আজ থেকেই প্রশাসনিকভাবে রাজ্যের ব্যাটন হাতে নিলেন তিনি।
অন্যদিকে, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে টানাপোড়েন চলছিল।
২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে বিজেপি জয়লাভ করলেও, তৃণমূল নেত্রী ভোট লুটের অভিযোগ তুলে ইস্তফা দিতে অস্বীকার করেছিলেন। এমনকি নিজের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হওয়ার পরেও তিনি দমে যাননি।
শনিবার সকাল পর্যন্ত তাঁর প্রোফাইলে লেখা ছিল ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী’। তবে শুভেন্দুর শপথগ্রহণের দিন বেলা গড়াতেই সেই পরিচয় বদলে ফেলেন তিনি। তবে তিনি নিজেকে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ হিসেবে পরিচয় না দিয়ে কৌশলে পরিচয়টি পরিমার্জন করেছেন।
