কলকাতা- আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দুই বঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। মূলত পরিষ্কার আকাশ। কোনো কোনো জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে।
কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া বাংলায়। আগামী পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপমাত্রার খুব একটা বেশি হেরফেরও হবে না। দিনের বেলা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমের বাতাসের সংস্পর্শের কারণে ভোরের দিকে কুয়াশা, ধোঁয়াশার পরিস্থিতি থাকতে পারে।
