প্রয়াত টেলিপর্দার ‘মহাভারতের কর্ণ’ পঙ্কজ ধীর, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে মানলেন হার

কলকাতা- ক্যানসারের সঙ্গে লড়াইয়ে মানলেন হার। প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন পঙ্কজ। কিন্তু কয়েক মাস আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। একটি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর।

এদিন ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর তরফে পঙ্কজের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে যে, বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, টেলিভিশনের পর্দায় বিআর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকের কর্ণ চরিত্রে অভিনয় করে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন পঙ্কজ ধীর। তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছিল। তবে ‘মহাভারত’ ছাড়াও ‘বাদশা, ‘চন্দ্রকান্ত’-এর মতো বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

এছাড়াও ‘সোলজার’, ‘জমিন’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক হিসেবেও কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *