কলকাতা- গত বেশ কয়েকদিন ধরে বাংলা ছবিকে বাঁচানোর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছিলেন টলিউডের গণমান্য ব্যক্তিত্বরা। দুই দফায় চলছিল আলোচনা। অবশেষে এবার বাংলা ছবিকে বাঁচানোর জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে দিনে অন্ততপক্ষে একটি বাংলা ছবি দেখাতেই হবে। সারা বছর অর্থাৎ ৩৬৫ দিন ওই একই নিয়ম জারি থাকবে। প্রাইম টাইমে অন্তত একটা ছবি দেখাতেই হবে বলে নির্দেশিকা জারি করা হল নবান্নের তরফ থেকে।
বুধবার রাজ্যের তথ্য এবং সংস্কৃতি বিষয়ক দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, রাজ্যের প্রত্যেক সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে সারা বছর অর্থাৎ ৩৬৫ দিন প্রাইম টাইমে একটি বাংলা ছবি দেখাতেই হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইম টাইম বলতে বোঝায়, দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত সময়কে। এই সময়ের মধ্যেই বেশিরভাগ দর্শক হলমুখী হন। ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আগামিদিনে এই আইন সংশোধন করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
