রবি ঠাকুরের চণ্ডালিকার সঙ্গে বলিউড! DBD-র ফিউশন অ্যাক্টে নিন্দার ঝড়

কলকাতা- ডান্স বাংলা ডান্সের একাধিক অ্যাক্ট যেমন দর্শকদের নজর কাড়ে, প্রশংসা পায়, তেমনিই কিছু অ্যাক্ট নিয়ে সমালোচনা হয়। এদিনও তেমন এক ঘটনা ঘটল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডান্স বাংলা ডান্সের একটি অ্যাক্টের ক্লিপ দারুণ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এবারের অন্যতম প্রতিযোগী অনুষ্কার সঙ্গে পারফর্ম করছেন জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত।

তাঁদের দুজনের সাজ পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা পারফর্ম করছেন। কিন্তু একী! সেখানে নেই চণ্ডালিকার কোনও গান বা সংলাপ। তবে কী আছে? বলিউড গান। তেরে বিনা জিন্দেগি সে গান ব্যবহার করে আনন্দ এবং চণ্ডালিকার কথা তুলে ধরা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে।

এমন ফিউশন মোটেই মেনে নিতে পারেননি নৃত্যশিল্পী এবং দর্শকরা। বিচারকরা যতই মুগ্ধ হন, এই অ্যাক্ট দেখে প্রশংসা করুন না কেন, নেটপাড়ায় বিদ্রুপ, কটাক্ষের বন্যা বইছে।

এক ব্যক্তি এই ভিডিও শেয়ার করে লেখেন, ‘সব কিছুর সীমা ছাড়িয়ে গেল। একজন নৃত্যশিল্পী হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর সকলকে বলছি, আপনারা সরব হন। না হলে আমাদের পরবর্তী প্রজন্ম নিজের শিকড় ভুলে যাবে,পায়ের তলার মাটি খুঁজে পাবে না আর কিছু দিন পর।’

আরেকজন লেখেন, ‘প্রথমত এই রিয়েলিটি শো বন্ধ করে দেওয়া হোক। পাবলিক বয়কট করছে না বলেই যা খুশি তাই করবার সাহস এরা দেখাতে পারছে।’

কারও মতে আবার, ‘এসব নিয়ে যত আলোচনা হবে, যত মন্তব্য হবে যত শেয়ার হবে তত এদের লাভ। কারণ এদের শিক্ষা দিতে গিয়ে আমাদের শিক্ষাটাই ভুলে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *