অভিনেতা রাহুলের মৃত্যুতে কাঠগড়ায় প্রযোজনা সংস্থা! এফআইআর প্রিয়াংকার, আইনি লড়াইয়ে নামল আর্টিস্ট ফোরাম

কলকাতা- অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকস্তব্ধ মানুষ। শোকের আবহে এবার দানা বাঁধছে ক্ষোভ।

শুটিং সেটে নিরাপত্তাহীনতার অভিযোগে বিদ্ধ প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স’। আইনি লড়াইয়ের পথে হেঁটে বুধবারই লালবাজারের দ্বারস্থ হতে চলেছেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াংকা সরকার এবং আর্টিস্ট ফোরাম।

গত রবিবার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান রাহুল। মর্মান্তিক এই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপের দাবি তুললেও, গত তিনদিন ধরে রহস্যজনকভাবে নীরব থেকেছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।

এই নীরবতাই কার্যত ঘি ঢেলেছে বিতর্কের আগুনে। টলিপাড়ার কলাকুশলীদের নিরাপত্তা এবং শুটিংয়ের পরিকাঠামো নিয়ে ফের বড়সড়ো প্রশ্নচিহ্ন খাড়া হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাসভবনে আর্টিস্ট ফোরামের একটি জরুরি বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াংকা সরকারও।

দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রিয় সহকর্মীর মৃত্যুতে আইনি লড়াই লড়বে গোটা ইন্ডাস্ট্রি। খবর অনুযায়ী, বুধবার গলফগ্রিন থানায় এফআইআর দায়ের করবেন প্রিয়াংকা। অন্যদিকে, সার্ভে পার্ক থানায় পৃথক অভিযোগ জানাবে আর্টিস্ট ফোরাম।

টলিউডের অন্দরমহল সূত্রে জানা যাচ্ছে, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগামী কয়েকদিনের মধ্যে সন্তোষজনক উত্তর বা ক্ষতিপূরণের আশ্বাস না মিললে অনির্দিষ্টকালের জন্য ‘কর্মবিরতি’র ডাক দিতে পারেন কলাকুশলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *