কলকাতা- ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ সাধারণ নাগরিকের মৃত্যুর তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীর থেকে চাঞ্চল্যকর জবানবন্দি পেলেন তদন্তকারীরা।
সূত্রের খবর, এই মামলায় অন্যতম এক প্রধান সাক্ষী জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) জানিয়েছেন, হামলার পর তিন পাকিস্তানি জঙ্গি পৈশাচিক উল্লাস করার জন্য শূন্যে চার রাউন্ড গুলি চালিয়েছিল।
জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় এনআইএ এই স্থানীয় ব্যক্তিকে খুঁজে বের করে। তাঁকে এখন ‘স্টার প্রোটেক্টেড উইটনেস’ মর্যাদা দেওয়া হয়েছে। হামলার কয়েক মিনিট পর তিনি সন্ত্রাসীদের মুখোমুখি হন। সন্ত্রাসীরা তাঁকে থামায় এবং তাঁকে কলমা পড়তে বলে। তিনি যখন স্থানীয় কাশ্মীরি উচ্চারণে পড়তে শুরু করেন, তখন তাঁরা তাকে ছেড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে শূন্যে চার রাউন্ড গুলি চালায়।’
প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চারটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। সেই সাক্ষী আরও বলেছিলেন যে তিনি স্থানীয় অভিযুক্ত পারভেজ আহমেদ জোথার এবং বশির আহমেদকে একটি পাহাড়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। সেখানে তারা সন্ত্রাসীদের জিনিসপত্র দিয়েছিল।
