আরজি কর মামলায় বড় আপডেট, বেকসুর খালাস হওয়ার আবেদন করল অভিযুক্ত সঞ্জয়!

কলকাতা- আরজি কর খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রাই সম্প্রতি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। সেই আবেদন গ্রহণ করা হয়েছে।

সঞ্জয় রাইয়ের দাবি, তাকে বেকসুর খালাস দিতে হবে এই মামলায়। সেপ্টেম্বর মাসে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

নির্যাতিতার পরিবার এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে বলে জানিয়েছে আদালত। জানা গিয়েছে, উচ্চ আদালতের আবেদনে সঞ্জয় রায়ের আইনজীবী দাবি করেছেন, বেকসুর খালাস হওয়ার যথেষ্ট কারণ আছে।

উল্লেখ্য, এর আগে আরজি কর কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে আদালতে। ধর্ষণ ও খুনের ঘটনায় শুধুমাত্র সঞ্জয়কে দোষী হিসেবে চিহ্নিত করেই চার্জশিট পেশ করেছিল সিবিআই। তাদের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার মা-বাবা।

তাঁদের বরাবর দাবি, নির্যাতিতার খুনি এখনও আরজি করের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেই আছে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শিয়ালদা আদালতে আরজি কর মামলায় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান বিচারক অনির্বাণ দাস।

বিচারক নির্দেশ দিয়েছিলেন, নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে। বিচারক বলেছিলেন, এই মামলা বিরলের থেকে বিরলতম নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *