কলকাতা- দিল্লি এবং সংলগ্ন এলাকা থেকে অবিলম্বে পথকুকুরদের সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবারের ওই নির্দেশের পর থেকেই বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে।
এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের আশ্বাস, বিষয়টি খতিয়ে দেখবেন। তবে, তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, প্রধান বিচারপতি ২০২৪ সালের আবেদনের কথা বলছেন, নাকি সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলছেন।
বুধবার পথকুকুর সম্পর্কিত একটি মামলা জরুরি তালিকায় সংযোজনের জন্য সিজেআইয়ের বেঞ্চে তোলা হয়েছিল। সেখানে এমন কথা বলতে শোনা যায় প্রধান বিচারপতিকে।
২০২৪ সালে কনফারেন্স ফর হিউম্যান রাইটস (ইন্ডিয়া) নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা পথকুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণের বিষয়ে একটি জনস্বার্থ মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল।
২০২৪ সালের মে মাসে বিচারপতি জেকে মহেশ্বরীর নেতৃত্বাধীন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে বলা হয়, ‘যে কোনও পরিস্থিতিতেই পথকুকুরদের নির্বিচারে হত্যা করা যাবে না। কর্তৃপক্ষকে আইন মেনে পদক্ষেপ করতে হবে।’
