কলকাতা- বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর ফের বাংলার দর্শক ফিরে পেয়েছে তাঁদের অন্যতম জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে।
এর আগেও ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান এবং ছবি মুক্তির আগের দিন বুধবার তাঁদের একসঙ্গে দেখে নস্টাজিয়ায় ভেসে ছিল ‘দেশু’ ফ্যানেরা। কিন্তু সেই নস্টাজিয়াকে উপভোগ করার পাশাপাশি রাজ চক্রবর্তীকে নিয়ে বিস্তর ট্রোলও করাও হয়েছিল।
রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র তাঁকে খোঁচা দিয়ে পোস্ট করতেও ছাড়েননি। তিনি লিখেছিলেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’
যদি পরে নাম না করে এক সাক্ষাৎকারে রাজের প্রাক্তনের পোস্টের কড়া জবাব দিয়েছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছিলেন, ‘না, বুকের বাঁ দিকটা ওঁর চিনচিন, ঝিনঝিন কোনওটাই করেনি। ওঁর নাম রাজ চক্রবর্তী। তিনি শুধু সফল পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, সফল স্বামী এবং বাবাও। শুধুই নিজের নির্বাচনী এলাকার মানুষদের নয়, নিজের পরিবারেরও যত্ন নিতে জানেন। রাজ চেনেন তাঁর অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজই ওঁর বৌয়ের সব চেয়ে বড় সমর্থক, উৎসাহদাতা, ‘চিয়ার লিডার’।’
বৃহস্পতিবার পরিচালক সমাজমাধ্যমের পাতায় ‘ধূমকেতু’র পোস্টারের ছবি ভাগ করে নিয়ে লেখেন, ‘এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’র উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মতো। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলী সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় Dhumketu মিস করবেন না যেন!’
