কলকাতা – বিয়ের সাড়ে ৮ মাসের মধ্যে সন্তানের জন্ম দিয়ে নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে। অবশ্য সন্তান জন্মের আগে পর্যন্ত সন্তানসম্ভবা হওয়ার খবর গোপন রেখে ছিলেন শ্রীময়ী।
২ নভেম্বর কন্যা সন্তান জন্মের পরই তাঁরা সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই সকলে হিসেব-নিকেষ করতে বসেন। অনেকেই কটাক্ষ করতে শুরু করেন শ্রীময়ী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা।
যদিও সেই সময় অবশ্য শ্রীময়ী স্পষ্ট করেছিলেন যে, দোল পূর্ণিমার পরের দিনই তিনি জানতে পারেন তিনি মা হতে চলেছেন। শ্রীময়ীর দাবি করেছিলেন, তিনি নাকি বিয়ের পরই কাঞ্চনকে জানিয়ে দিয়েছিলেন তিনি মা হতে চান। আর প্রথম মাসেই সুখবর পেয়ে যান।
গণেশ চতুর্থীর দিন দেওয়া এক সাক্ষাৎকারে মেয়ের মুখ কার মতো হয়েছে সে কথা বলতে গিয়ে ফের এই প্রসঙ্গ উস্কে দিয়েছেন নায়িকা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার মেয়েটা কাঞ্চনের মতো হয়েছে। বাবার জেরক্স কপি। আর স্বভাবও বাবার মতোই। অন্তঃসত্ত্বা অবস্থায় আমি কাঞ্চনকে বলেছিলাম, ‘যদি আমার মেয়ে হয়, তাহলে তার যেন কোমর থেকে পায়ের অংশটা তোমার মতো হয়। তাহলে হলে একটু স্টিলেটো পরবে।’
এরপর কাঞ্চন বলেন, ‘ছেলে-মেয়ে সমান সমান। আমার কাছে আমার মেয়ে লক্ষ্মীর মতো। কিন্তু কানটা না একটু আমার মতো হচ্ছে। জানি অনেক হেয়ার স্টাইল হবে। আমি খালি বলি, ‘তোর মুখ আমার মতো হোক, কিন্তু কানটা…।’ আর আমার মেয়ের মুখটা শ্রীময়ীর মতো, গোল। সবাই বুঝতে পারে না। ওঁর চোখ আর হাসি দেখে সবাই ভাবে আমার মতো।’
কাঞ্চনকে মুখের কথা শেষ করতে না দিয়েই শ্রীময়ী বলে ওঠেন, ‘যাক পার্মানেন্ট স্ট্যাম্প তোমার। শুভাকাঙ্খী-অশুভাকাঙ্খীরা কেউ কিন্তু মাসের বিচার করতে পারবে না।’
