বঙ্গকন্যা অনুপর্ণার ভেনিস জয়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পুরুলিয়ার মেয়েকে

কলকাতা- আন্তর্জাতিক মঞ্চে সেরার সম্মান জিতেছেন বাঙালি কন্যা। সদ্য অনুষ্ঠিত হওয়া ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জিতেছেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বঙ্গকন্যার এমন জয়ে সোমবার এক্স হ্যান্ডেলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক পোস্টে মমতা লেখেন, “আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে।

আমি ওকে, ওর মা-বাবাকে, সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তার শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়। এই শাখায় এই সম্মান এর আগে কোনো ভারতীয় পরিচালক পাননি। ওর মা-বাবা কুলটিতে থাকেন, তাদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, ওর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়।”  অনুপর্ণা অনেক দূর এগিয়ে যাক এবং দেশের মুখ আরও উজ্জ্বল করুক বলেও আশীর্বাদ করেন এই মুখ্যমন্ত্রী।

পুরুলিয়ার অজপাড়া গাঁ পুঞ্চার ন’পাড়াতে ২০২১ সালে প্রথম সিনেমার শুটিং শুরু করেন অনুপর্ণা। নপাড়ার বিভিন্ন ল্যান্ডস্কেপে শুটিং হওয়ার পর ২০২৩ সালে তার প্রথম ছবি ‘রান টু দ্যা রিভার’ রিলিজ হয়। দ্বিতীয় ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার এনে দেয় তাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *