কলকাতা – সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হলেন বলিউডের অন্যতম বিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন গর্গ। জানা যাচ্ছে, সমুদ্র থেকে উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু চিকিৎসার পর শেষরক্ষা হল না।
হাসপাতালে সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, গুরুতর আঘাত পাওয়ায় বাঁচানো যায়নি জুবিনকে। মাত্র ৫২ বছর বয়সেই জীবনের পথচলা শেষ হয়ে গেল তাঁর। শুক্রবার বিকেলে আসামের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ক্যাবিনেট মন্ত্রী পোস্টে লেখেন, আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা। আসাম শুধুমাত্র একটা কন্ঠস্বর নয়, হারালো নিজের হৃদস্পন্দন। জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, গোটা আসামের গর্ব ছিলেন তিনি। তাঁর গানের মাধ্যমে বারবার গর্বিত হয়েছে আসাম। এই ক্ষতি সত্যি অপূরণীয়।
১৮ নভেম্বর, ১৯৭২ সালে জোড়হাটে জন্মগ্রহণ করেন জুবিন গর্গ। তাঁর পিতৃদত্ত নাম ছিল জীবন বরঠাকুর। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ দিয়ে খ্যাতি অর্জন করেন ৷ তারপর উপহার দিতে থাকেন একের পর এক হিট গান ৷ অসমিয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ৪০,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন ৷
