কলকাতা- সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। তার জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করল আফগানিস্তান।
মৃতদের মধ্যে দুই শিশুও আছে। তাছাড়াও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে।
একটি ফ্রেন্ডলি ম্যাচে খেলার জন্য তাঁরা পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় গিয়েছিলেন। সেই সময় পাকিস্তানের হামলার মৃত্যু হয়েছে। তিন ক্রিকেটার-সহ পাকিস্তানের হামলায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রশিদ খান। আর আফগান বোর্ডের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে যে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল, তা থেকে নাম তুলে নিচ্ছে।
তারই মধ্যে আফগানিস্তানে যে পাকিস্তান হামলা চালিয়েছে, তাতে তেমন পাত্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আবহেই তিনি বলেন, ‘যদিও আমি জানি যে (আফগানিস্তানে) হামলা চালিয়েছে পাকিস্তান বা আফগানিস্তানের উপরে হামলা চলছে…..তবে আমায় এটার সমাধান করতে হয়, তাহলে এটা আমার কাছে একদম সহজ ব্যাপার হবে।’
