কলকাতা- নায়ক থেকে প্রযোজক দেব। সব ফর্মে তিনি সফল। অন্যদিকে, শুভশ্রীও এখন লেডি সুপারস্টার। সোমবার ৩৫তম জন্মদিন রাজ ঘরণীর।
একটা সময় দেব-শুভশ্রী চুটিয়ে প্রেম করেছেন। তাও আবার শুভশ্রী বর্তমান স্বামী রাজ চক্রবর্তীর সামনেই। চ্যালেঞ্জ ছবির সেটে শুরু এই প্রেমের কাহিনি, যার পরিচালক ছিলেন রাজ। এক দশকেরও বেশি সময় আগে দেব-শুভশ্রীর প্রেম ভেঙেছে। তবুও তাঁদের ভালোবাসার চর্চা আজও ধ্বনিত হয় টলিগঞ্জে।
কেন ভেঙেছিল দেশু জুটি? কেন শুভশ্রীর সঙ্গে দেবের দূরত্ব তৈরি হয়েছিল? চলতি বছরই পর্দায় ফিরেছে পুরনো জুটি। তাঁদের দীর্ঘদিন ধরে বাক্সবন্দি থাকা ছবি ধূমকেতু মুক্তি পায় গত অগাস্টে। বক্স অফিসে ব্লকবাস্টার সেই ছবি। ছবির প্রচারে এক হয়েছিলেন দেব-শুভশ্রী। তারপরও অবশ্য সম্পর্ক মধুর হয়নি।
দেবের ‘ইনোসেন্স’ মন্তব্য নিয়ে অভিমানী শুভশ্রী। দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর আগের মতো সারল্য নেই। দেবের এই যুক্তি মানতে নারাজ শুভশ্রী।
একবার এক সাক্ষাৎকারে দেবের সামনে সরাসরি প্রশ্ন রাখা হয়েছিল শুভশ্রী সঙ্গে প্রেম ভাঙল কেন। চার বছর আগের ব্রেকআপ নিয়ে দেব বলেন, ‘তুমি কি ওর বাবা? তোমাকে সব কথা বলতে হবে। জিনিস কেন ভাঙল তার কোনও উত্তর থাকে না। উত্তর খুঁজতে গেলে তুমি পাগল হয়ে যাবে। তোমার মনে হবে তুমি দেওয়ালের সঙ্গে কথা বলছো বা বোবা লোকের সঙ্গে কথা বলছো’।
দেব আরও যোগ করেন, ‘ওই সময়টা চুপ থাকাই ভাল। চার বছর আগে আমারও মনে হয়েছিল কেন ভাঙল? আমি পেপার পড়তাম আমার খারাপ লাগত। আমাকে নিয়ে খারাপ খারাপ কথা লেখা হত….. আজকে আমার কোনও রিগ্রেট নেই। সবাই ভালো থাকুক। সবাই নিজের জীবনে করে খাক। আমার আজও ভালো লাগে একটা মেয়ে নিজের জীবনে লড়ে যাচ্ছে। ওর ফ্যানেরা খুব অ্যাগ্রেসিভ… শুভশ্রী গাঙ্গুলির ফ্যান ক্লাব’।
টলিউডের সূত্র বলে রুক্মিণীর আগমনে খানিক দূরত্ব তৈরি হয়েছিল দেব-শুভশ্রীর। সেই সময়ই নাকি বিয়ে করে সংসারি হতে চেয়েছিলেন শুভশ্রী। অন্যদিকে দেব কেরিয়ারের সেই পর্বে থিতু হতে চাননি। সেই নিয়ে মনোমালিন্যের জেরেই ভাঙে সম্পর্ক। দেবের সঙ্গে ব্রেকআপের পর দীর্ঘ সময় কাজ থেকে দূরে ছিলেন শুভশ্রী। সময়ের সঙ্গে সঙ্গে শুভশ্রীর ভাঙা মনে ভালোবাসার প্রলেপ দিয়েছেন রাজ চক্রবর্তী।
