কলকাতা- গত বুধবার শ্রাবন্তীর সঙ্গে নিজের আসন্ন ছবি ‘এরাও মানুষ’-এর শ্যুটিং করছিলেন জিতু কমল। ধান্যকুড়িয়াতে পুরোদমে চলছিল শ্যুটিংয়ের কাজ। আচমকাই অসুস্থ হয়ে পড়েন নায়ক। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন জিতু।
রবিবার ছুটি পেয়েছেন নায়ক। আর এন টেগর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অভিনেতার টিম জানিয়েছে, বুকে সংক্রমণ নিয়েই ভর্তি ছিলেন চিরদিনই তুমি যে আমাদের আর্য। এখন তিনি অনেকটা সুস্থ। কবে শ্যুটিং সেটে ফিরবেন জিতু?
অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, মঙ্গলবার থেকে শ্যুটিংয়ে যোগ দেবেন জিতু। সোমবার চিরদিনই তুমি যে আমারের শ্যুটিং নেই। তা না হলে আজ থেকেই জিতু শ্যুটিংয়ে ফিরতেন। এর আগে হাসপাতাল থেকে ভাইরাল হয়েছিল জিতুর এক ভিডিও। সেখানে চ্যানেল হাতে হাসপাতালের বিছানাতে শুয়েই টিভির পর্দায় চিরদিনই তুমি যে আমার দেখছিলেন অভিনেতা।
জিতু সদ্য চল্লিশের কোঠায় পা দিয়েছেন। তাঁর সুঠাম দেহ, নিয়মিত শরীরচর্চা করেন। ডায়েট মেনে চলে খাওয়া দাওয়া। নায়কের বুকে যন্ত্রণা হওয়ার কথা শুনে ঘাবড়ে গিয়েছিলেন অনেকেই। জানা গিয়েছে তাঁর হৃদযন্ত্রের কোনও সমস্যা নেই।
