কলকাতা- শনিবার সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন রাজকুমার রাও ও পত্রলেখা। একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি। বিয়ের ৪ বছর পর ঘরে এল খুদে সদস্য।
ইউনিকর্ন থিমের একটি কার্ড ভাগ করে নেন তাঁরা। যেখানে লেখা, ‘আমরা আনন্দের সপ্তম স্বর্গে। ভগবান আমাদের একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন।’ আর এই ফোটোকার্ডের ক্যাপশনে লেখা, ‘আমাদের ৪র্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন।’
দম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছে নেটপাড়া। বরুণ ধাওয়ান মন্তব্য করেছেন, ‘ওয়েলকাম টু দ্য ক্লাব গাইস’। আসলে তিনিও যে কন্যা সন্তানেরই বাবা। সোনম কাপুর, নেহা ধুপিয়া, ভারতী সিং, অনিল কাপুররাও জানিয়েছেন শুভেচ্ছা।
২০২১ সালের ১৫ নভেম্বর সাতপাকে ঘোরেন তাঁরা। চন্ডীগড়ে কাছের বন্ধু আর পরিবারের উপস্থিতিতে বসেছিলেন বিয়ের আসর। পত্রলেখার ওড়নায় বাংলায় সেই লেখা, ‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করলাম’ এখন স্টাইল আইকনে পরিনত হয়েছে বাঙালি কন্যেদের বিয়েতে।
বিয়ের ফোটো শেয়ার করে রাজকুমার সেইসময় ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘অবশেষে ১১ বছরের ভালোবাসা, বন্ধুত্ব, রোম্যান্স, মজার পর আমি আমার জীবনের সবকিছুর সাথে আবদ্ধ হলাম। আমার আত্মার সাথী, আমার প্রিয় বন্ধু, আমার পরিবার। তোমার স্বামী হিসেবে পরিচিতি পাওয়ার থেকে আমার কাছে আজ আর কোনও খুশিই বড় নয়। চিরকাল আর তার পরেরও তুমি পত্রলেখা!’
রাজকুমার রাও এবং পত্রলেখার প্রেমের সম্পর্ক যদিও শুরু হয়েছিল প্রায় এক দশক আগে, ২০১৩ সালের দিকে। রাজকুমারকে পত্রলেখা প্রথম দেখেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে।
