কলকাতা- ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অবসান। চলে গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং সকলের প্রিয় ‘হিম্যান’ ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সোমবার দুপুরে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকবিহ্বল হয়ে পড়েন তাঁর অগণিত অনুরাগী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবদন্তীর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন।
ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘ধর্মেন্দ্র জি-র প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। তিনি কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অভিনয় অংসখ্য মানুষকে আনন্দ দিয়েছে। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্য সমানভাবে প্রশংসিত হয়েছিলেন। এই দুঃখের সময়ে আমি তাঁর পরিবার ও অনুরাগীদের পাশে আছি। ওম শান্তি।’
