কলকাতা- সব বিতর্কের অবসান! দীর্ঘ টানাপোড়েনের পর সোমবার দুপুরে জানা গেল দিতিপ্রিয়ার সিদ্ধান্ত। চিরদিনই তুমি যে আমার থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়।
অপর্ণা হিসাবে কোনওদিনই ক্যামেরার সামনে দাঁড়াবেন না তিনি। সোমবার দুপুর ১২.১২ নাগাদ ই-মেল মারফত আর্টিস্ট ফোরামকে জানিয়ে দিয়েছেন নায়িকা।
শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত নায়িকা। তাই ১৫ দিনের নোটিশ পিরিয়ডেও কাজ করতে পারবেন না দিতিপ্রিয়া।
ফোরাম নিজেদের পক্ষ থেকে জানিয়েছেন, এই বিষয়ে তাঁরা কোনওরকম হস্তক্ষেপ করাকে অনৈতিক বলে মনে করে। এদিন দুপুরে আর্টিস্ট ফোরামের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়।
জানানো হয়েছে, শনিবার আর্টিস্ট ফোরাম নায়ক-নায়িকার ঝামেলা মেটাতে একটি বৈঠক করেছিল। দিতিপ্রিয়া নিজেই শরণাপন্ন হয়েছিলেন ফোরামের। বৈঠকে হাজির ছিলেন জিতু-দিতিপ্রিয়া-সহ চ্যানেল ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা। সেখানে দিতিপ্রিয়া সাফ জানান, তিনি আর এই সিরিয়ালে কাজ করতে চান না। টেকনিশিয়ান-সহ বাকিদের স্বার্থের কথা ভেবে দিতিপ্রিয়াকে সিদ্ধান্ত পুর্নবিবেচনার আবেদন জানানো হয়। সায় দেননি নায়িকা।
প্রযোজনা সংস্থার সঙ্গে দিতিপ্রিয়ার কোনও লিখিত চুক্তি নেই। তাই ফোরামের নিয়ম অনুয়ায়ী কাজ ছাড়ার আগে দু-মাসের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা নায়িকার। তবে শারীরিক ও মানসিক অপারগতার কারণ দেখিয়ে সেই নিয়ম শিথিল করতে আর্জি জানান দিতিপ্রিয়া। এরপর ফোরামের তরফে তাঁকে ১৫ দিনের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা বলা হয়েছিল। রবিবার সন্ধ্য়ায় সম্মতি জানিয়ে এই সংক্রান্ত ইমেল পাঠানোর কথা ছিল দিতিপ্রিয়ার। কিন্তু তিনি তেমনটা করেননি।
সোমবার দুপুরে নিজের সিদ্ধান্ত জানান অভিনেত্রী। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত নায়িকা আর সেটে ফিরতে চান না। জোরাজুরিতে রাজি নয় ফোরামও। ইতিমধ্য়েই ফোরামের তরফ থেকে চ্য়ানেল ও প্রযোজনা সংস্থার কাছে এই সিদ্ধান্ত বিবেচনার জন্য পাঠানো হয়েছে। চ্যানেল এবং প্রোডাকশন হাউজ যা ঠিক করবে, সেই ব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না ফোরাম।
