কলকাতা- ২৪ নভেম্বর না ফেরার দেশে চলে গিয়েছেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে একেবারেই চুপ ছিলেন দেওল পরিবারের সদস্যরা। কিন্তু অবশেষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন হেমা মালিনী।
স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার স্বামী, আমার দুই সন্তানের বাবা, আমার বন্ধু এবং পথপ্রদর্শক। আমার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিতে তাকে আমি পাশে পেয়েছি। আমার জীবনের সবটুকু জুড়ে শুধুই তিনি ছিলেন। তিনি সবসময় নিজের বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সকলের প্রিয় হয়ে ছিলেন।’
হেমা আরও লেখেন, ‘আমার ব্যক্তিগত যে ক্ষতি হয়ে গেল, সেটা কখনও পূরণ হবে না। এমন একটা শূন্যতা তৈরি হয়েছে যা সারা জীবন আমাকে কুরে কুরে খাবে। ওকে নিয়ে আমার জীবনে এত অসংখ্য স্মৃতি রয়েছে যা প্রতিটি মুহূর্তে আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।’
বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর আয়োজন করা হবে প্রয়াত অভিনেতার স্মরণ সভার। ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে যে পোস্টার ভাগ করে দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতার অল্প বয়সে একটি ছবি দিয়ে নিচে বড় বড় করে লেখা রয়েছে সেলিব্রেশন অফ লাইফ। নিচে লেখা স্মরণসভার প্রতিটি বিবরণ। ২৭ নভেম্বর বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিট পর্যন্ত আয়োজিত হবে এই স্মরণ সভা।
