কলকাতা – শুক্রবার পাওয়া গেছে সুখবর। মার্কিন মুলুকে গিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বর অবশ্য বাঙালি। নাম সুজিত বসু। কলকাতার ছেলে হলেও, বিগত ১৮ বছর ধরে তিনি আমেরিকাতেই থাকছেন। লস অ্য়াঞ্জেলসে দেখা করতে গিয়েছিলেন তিনি সুজিতের সঙ্গে।
এদিকে, প্রেমিকার জন্য চুপিচুপি বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছিলেন সুজিত। একেবারে হোয়াইট গাউন, হিরের গয়নায় সেজে বিয়ে করে নেন তনুশ্রী। সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন বর। হানিমুনে যাবেন তাঁরা ফ্লোরিডায়।
এদিকে প্রাক্তন প্রেমিকা তনুশ্রী বিয়ে করতেই, অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়ে দিলেন তিনিও ২০২৬ সালে বিয়ে করবেন।
পাত্রী? রুদ্রনীল জানালেন, সেভাবে এখনও কাউকে ফাইনাল করেননি। তবে তিনি নিশ্চিত যে আরও অনেকেই তাঁর মতো ‘ট্রেন ফেল করা প্যাসেঞ্জার’ আছে। সেরকম কারও গলাতেই মালা দেবেন তিনি।
প্রাক্তন প্রেমিকা বিয়ে করে নেওয়ায় মনে কি কোনো আক্ষেপ? রুদ্রনীল জানিয়েছেন, ‘আমরা বিচ্ছেদের পরেও খুব ভালো বন্ধু ছিলাম। কলকাতায় বিয়ে করলে নিশ্চয়ই তনুশ্রী নিমন্ত্রণ করত। কবজি ডুবিয়ে খেতে পারতাম। সেটা মিস হল, এটাই আক্ষেপ’!
একসময় চুটিয়ে প্রেম করেছন রুদ্রনীল আর তনুশ্রী। দুজনের সেরকম কোনো লুকোছাপাও ছিল না। দুজনে নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কিন্তু পরবর্তীতে তা ভেঙে যায়। শোনা যায়, ‘বেডরুম’ ছবিতে অভিনয় করার সময় নাকি অভিনেত্রী উষসী চক্রবর্তীর সঙ্গে রুদ্রনীলের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি তনুশ্রী।
