কলকাতা- হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। হার্টে দুটো স্টেন্ট বসেছে তাঁর।
ফেরার পথে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে সেলফি তুলে পোস্টও করেছেন ‘ও ডাক্তার গানের’ স্রষ্টা। আর তার পরই মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ভাবনা পোস্ট করলেন নচিকেতা।
তিনি স্পষ্টই জানালেন, মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে মন্দ লাগছে না তাঁর। একটি ভিডিও আপলোড করে আবার স্পষ্ট জানালেনও, তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটালে, মৃত্যু ঘোষণা করলে, তিনি মরে যাওয়ার চেষ্টা করবেন।
ঠাৎ করে রটে যায় তাঁর মৃত্যুর ভুয়ো খবর। সোশাল মিডিয়া বার বার এমন খবর রটায়, ক্ষোভ জমেছিল নচিকেতার মনে। এবার ফেসবুকে ভিডিও পোস্ট করে সেই ক্ষোভ উগরে দিলেন গায়ক। খতিয়ান দিলেন জীবনে কতবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি।
কখনও বাইক থেকে পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ায় কোমায় গিয়েছিলেন, কখনও পাতালরেলে টানেলে জলে ডুবতে ডুবতে, কখনও আবার ছোটবেলায় ক্ষুদিরামের মতো অভিনয় করতে গিয়ে গলায় ফাঁসি দড়ি। কখনও নকশাল আন্দোলন। বহুবার কাছ থেকে মৃত্যু দেখেছেন তিনি। তাই মৃত্যু নিয়ে তেমন কোনও আলাদা ভাবনা নাকি নেই তাঁর।
নচিকেতার কথায়,” আমাকে তো আমার যা আয়ু, তার থেকে বেশিবার মারা হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়…এবার আপনারা মৃত্যু ঘোষণা করলে মরে যাওয়ার চেষ্টা করব, আপনাদের মান রাখতে!”
