কলকাতা- খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি।
হিরণ গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন, এমন জল্পনা যখন তুঙ্গে। এবার তা নিয়েই বোমা ফাটিয়েছেন তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছেন, তাঁদের মধ্যে এখনও আইনত কোনও বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। অর্থাৎ, অনিন্দিতা এখনও বিধায়কের বৈধ স্ত্রী।
স্বাভাবিকভাবেই এই জল্পনার আঁচ এসে পড়েছে রাজনৈতিক মহলেও। এক সময় হিরণের সঙ্গে যাঁর আদায়-কাঁচকলায় সম্পর্ক ছিল, সেই বিজেপি নেতা দিলীপ ঘোষের কাছে এই নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কিছুটা কৌশলী অবস্থান নেন।
হিরণের দ্বিতীয় বিয়ে এবং তাঁর স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, তিনি কারও ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামাতে চান না। তিনি বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কেউ বিয়ে করতেই পারেন, নিজের মতো জীবনযাপন করতে পারেন। এতে অন্যের কিছু বলার থাকে না।”
