বসন্ত পঞ্চমীর রাতে লাল বেনারসিতে কনে মধুমিতা সরকার, বিয়ের মেনুতে কী কী ছিল জানেন?

কলকাতা- বসন্ত পঞ্চমীর সন্ধ্য়ায় টুকটুকে লাল শাড়িতে কনে মধুমিতা সরকার। পর্দায় বহুবার কনে সেজেছেন। কিন্তু বাস্তবে সেভাবে সেই শখ পূরণ হয়নি তাঁর।

আগে একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন নায়িকা। কিন্তু সেবার সব কিছুই ছিল সাদামাটা। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবার সময় ধুমধাম করে বিয়ে সারলেন অভিনেত্রী।

লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়নায় মধুমিতা যেন অপ্সরা! নায়িকাকে টেক্কা দিল তাঁর আইটি প্রফেশন্য়াল বর। লাল বন্ধগলা এবং ধুতিতে বিয়ে করতে হাজির তিনি।

বিয়ের আয়োজনে কোনও খামতি রাখেননি মধুমিতা। খানাপিনাও ছিল দেদার। মধুমিতা সরকার এবং দেবমাল্য চক্রবর্তীর বিয়ের আসরে সাবেকিয়ানা থাকলেও ভুরিভোজের মেনুতে কিন্তু আধুনিক ও মোগলাই খানা-র দাপটই ছিল বেশি।

বিরিয়ানি থেকে ফিশ ফ্রাই— সব ছিল। শুরুতেই রাজকীয় আপ্যায়ন কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই। সঙ্গে কাসুন্দি।

স্টার্টারে ছিল রেশমি কাবাব এবং মশলাদার হারিয়ালি চিকেন কাবাব। এর পর সুগন্ধি বিরিয়ানি।

মাখন মাখানো নান, সঙ্গে খাওয়ার জন্য ছিল গ্রেভি ঠাসা চিকেনের বিশেষ প্রিপারেশন।

নিরামিষাশীদের জন্য ছিল পনিরের একাধিক পদ। পাতে ছিল সালাদ, রায়তাও।

ভোজ শেষে হরেক রকম মিষ্টির পদ। ছিল খাস বেনারসি পানও।

ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং টলিপাড়ার অল্প কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেবমাল্যের সঙ্গে মধুমিতার রসায়ন যে বেশ গভীর, তা তাঁদের ঘনিষ্ঠ মহলের কাছে আগে থেকেই পরিচিত ছিল। সমস্ত নিয়ম মেনে, অগ্নিসাক্ষী করে মন্ত্রোচ্চারণের মাধ্যমেই বিয়ে সারলেন এই তারকা দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *