কলকাতা- রিয়্যালিটি শো থেকে তাঁর যাত্রা শুরু, এর পর মাঝে কয়েক বছর অন্তরালে ছিলেন। সেই সময় সুরকার প্রীতম চক্রবর্তীর কাছে কাজ শিখছিলেন। এর পরে হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন।
তিনি যে গানই গেয়েছেন, সেটাই হিট্। এ বার সেই প্লে-ব্যাক-এর সফরে ইতি টানলেন অরিজিৎ। গায়কের এমন হেন পোস্টে মন ভেঙেছে অনুরাগীদের। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি? অরিজিৎ নিজেই জানিয়েছেন সে কথা।
এত জনপ্রিয়তা, সিনেমার প্লেব্যাকের অর্থ— সব ছেড়ে দিলেন এক মুহূর্তে। কেন? অরিজিৎ নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘এমন একটা সিদ্ধান্ত নেব, অনেক দিন ধরেই ভেবেছিলাম। অবশেষে সাহস জোগাড় করতে পেরে ঘোষণা করলাম। সোজা ভাবে বলতে গেলে, আমার খুব সহজেই একঘেয়েমি চলে আসে। যে কারণে আমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট প্রায়ই বদলে বদলে মঞ্চে পারফর্ম করি। সেই কারণে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, নতুন ধরনের সঙ্গীতের খোঁজে নামছি।’’
শেষে অরিজিতের সংযোজন, ‘‘আমি আসলে নতুন ধরনের গায়ক-গায়িকাদের গান শুনতে চাই। যাঁরা আমাকে অনুপ্রাণিত করতে পারবেন।’’ তবে গান তিনি ছাড়ছেন না, সে কথা স্পষ্ট করেছেন নিজেই।
