‘একটু বিয়ে করে ফেললাম…’! টলিউডে আবার বিয়ের সানাই, সাত পাকে বাঁধা পড়লেন অনুজয়

কলকাতা- টলিপাড়ায় বিয়ের সানাই। এর আগে মধুমিতা সরকার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিছুদিন আগেই অদ্রিজা রায়ের বাগদান ও আংটি বদলের ছবি সামনে এসেছিল। ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলি। এবার বিয়ের পিঁড়িতে বসলেন অনুজয় চট্টোপাধ্যায়।

শনিবার অনুজয় চট্টোপাধ্যায় প্রেমিকা দেবারতি চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সারেন। এদিন সিঁদুরদানও হয়।

অনুজয় মঞ্চ থেকে সিনেমা, সিরিজ সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে দেবারতিও একজন মঞ্চাভিনেতা। মঞ্চে অভিনয় করতে গিয়েই প্রেম শুরু অনুজয়-দেবারতিকে। পাশাপাশি, দেবারতি পারফর্মিং আর্ট নিয়ে শিক্ষকতা করেন একটি বিশ্ববিদ্যালয়ে।

শনিবার সকালে সাদা পাঞ্জাবি ও পাজামায় ধরা দিয়েছিলেন অনুজয়। দেবারতির পরনে ছিল সোনালি রঙের শাড়ি ও মানানসই ব্লাউজ। খোলা চুলে একটি গোলাপি রঙের গোলাপ আর ছোট্ট টিপ।

ছবি পোস্ট করে অনুজয় ক্যাপশনে লেখেন, ‘সন্ধের ছবি এখনও পাইনি, তাই সকালের ছবি দিয়েই বলে যাই। আমি আর দেবারতি একটু বিয়ে করে ফেললাম।’

তাঁদের বিয়েতে ইন্ড্রাস্ট্রির অনেকেই হাজির ছিলেন। দেখা মিলেছিল অরিজিতা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য। তাছাড়াও অভিনেত্রী স্ত্রী সোহিনী সরকারকে নিয়ে এসেছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *