যিশু-নীলাঞ্জনার আইনি বিচ্ছেদও কি হয়ে গেল? একটা পোস্ট ঘিরে বাড়ছে রহস্য, টলিপাড়ায় জোর গুঞ্জন

কলকাতা- সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা শর্মা-র একটি পোস্ট। গুঞ্জন আরও গাঢ় হল তাতেই। এখন অনেকের মনেই প্রশ্ন, যিশু সেনগুপ্তর সঙ্গে সম্পর্ক কি পুরোপুরি চুকে গেল?

আইনিভাবে বিচ্ছেদ হল তাঁদের? যদিও সারা-জারা-র মায়ের পোস্টে স্পষ্টভাবে কোনও কিছুই লেখা নেই।

একটি নোট শেয়ার করেন নীলাঞ্জনা। সেখানে লেখা রয়েছে, ‘কোনো কিছু যখন শেষ হয়, এর কারণ এটা নয় যে সেটি অর্থহীন হয়ে পড়েছিল। কারণ হল আমাদের গঠন করার কাজ শেষ করে ফেলেছে সেটি! আর যখন এই অধ্যায়টি শেষ হল, আমার মনে শুধুই কৃতজ্ঞতা। যখন আমি নিজেকে চিনতাম না, তখন এটি আমাকে যা দিয়েছিল তার জন্য, মর্যাদা ধরে রাখতে এটি আমাকে শিখিয়েছে, তার জন্য। আমার ভেতরে নীরবে বেড়ে ওঠা স্বাধীনতার জন্য এবং যে আত্মসম্মানোধ আপোষহীন হয়ে উঠেছে তার জন্য। আমি এখানে আমার কণ্ঠস্বর খুঁজে পেয়েছি।’

নীলাঞ্জনার এই পোস্টে আরও লেখা, ‘আমি শিখেছি যে আমি নিজের ভার নিজেই বহন করতে পারি। আজ যা শেষ হচ্ছে, তা আমাকে শূন্য করে দিয়ে যাচ্ছে না। এটি আমার মধ্যে সাহস এবং নিজের প্রতি গভীর আস্থা হিসেবে বেঁচে থাকবে। এটি এমন একটি সমাপ্তি যা আমি শ্রদ্ধা ও পূর্ণ হৃদয়ে গ্রহণ করছি।’

আপাতত টলিউডের অন্যতম সফল মহিলা প্রযোজক হলেন নীলাঞ্জনা শর্মা। তাঁর ‘নিনি চিনিস মাম্মাস প্রডোকশন’ থেকে বেশ কিছু ধারাবাহিক চলছে ছোট পর্দায়। এর আগে যৌথভাবে যিশু সেনগুপ্তর সঙ্গেই প্রযোজনা সংস্থা খুলেছিলেন।

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন নীলাঞ্জনা। মুম্বইয়ের গ্ল্যামার ইন্ডাস্ট্রির পরিচিত নাম ছিলেন তিনি। এর পর ভালবাসার টানে সব ছেড়ে চলে আসেন। সংসার পাতেন যিশুর সঙ্গে। যদিও ২০২৪ সালের মাঝামাঝি খবর আসে, তাতে ভাঙান ধরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *