কলকাতা- কেরিয়ারের তিন দশক পূর্তিতে রুপোলি পর্দায় ফিরেছেন বলিউডের ‘ক্যুইন’ রানি মুখোপাধ্যায়। তাঁর সাম্প্রতিক ছবি ‘মর্দানি ৩’-তে নারীপাচার রুখতে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় রানির রণংদেহি মেজাজ ইতিমধ্যেই জয় করেছে দর্শক ও সমালোচকদের মন।
ছবির এই সাফল্যে খাস কলকাতায় ছুটে এলেন অভিনেত্রী। বুধবার মাসি দেবশ্রী রায়কে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রানি।
এদিন কালীঘাট চত্বরে দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রীকে একসঙ্গে দেখে অনুরাগীদের ভিড় উপচে পড়ে। রানির পরনে ছিল পাটভাঙা লাল রঙের ‘চেক’ শাড়ি, চোখে রোদচশমা আর মুখে সেই পরিচিত চওড়া হাসি।
তাঁর মাসি তথা বর্ষীয়ান অভিনেত্রী দেবশ্রী রায় পরেছিলেন সাদা গরদের লাল পাড় শাড়ি ও হালকা সোনার গয়না। মন্দির চত্বরে মাসি-বোনঝিকে খোশমেজাজে গল্প করতেও দেখা যায়।
