কলকাতা- আর কোনও লুকোচুরি নয়। এবার প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা করলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন নোট শেয়ার করে বিজয় এবং রাশমিকা তাঁদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। তাঁরা তাঁদের এই মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করেছেন।
তাঁদের শেয়ার করা নোটে লেখা ছিল— ‘আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ‘ভিরোশ’ (Virosh)। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসাথে পথচলাকে নাম দিচ্ছি— ‘The Wedding of VIROSH’। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’
গত বছর ৩ অক্টোবর হায়দ্রাবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এই জুটি। এরপর থেকেই তাঁদের আঙুলে বাগদানের আংটি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে প্রেমের মাসে চারহাত এক হবে দুজনের।
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সাত পাক ঘুরবেন বিজয়-রশ্মিকা। রাজস্থানের উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বসবে বিয়ের আসর। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দ্রাবাদে ফিরে ইন্ডাস্ট্রি বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করবেন তাঁরা।
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবিতে অভিনয়ের সময় থেকেই বিজয় ও রাশমিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়।
