কলকাতা- অরিজিৎ সিং প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করতেই ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও যেখানে দেখা যায় আমির খান মুর্শিদাবাদে অরিজিতের বাড়িতে গিয়েছেন।
তাঁর সঙ্গে ছিলেন সুরকার রাম সামপাথ, আমিরের ছেলে জুনায়েদ খান। তাঁর আসন্ন ছবি ‘এক দিন’-এর টাইটেল ট্র্যাক রেকর্ড করতেই সেখানে গিয়েছিলেন তাঁরা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই রেকর্ডিংয়ের নেপথ্যের একটি ভিডিও। ভিডিওর শুরুতেই দেখা যায়, অরিজিতের অবসরের সিদ্ধান্ত নিয়ে তাঁকে প্রশ্ন করছেন আমির। সূত্রে খবর, অরিজিতের বাড়িতে মেঝেতে বসে আমির বলেন, “তুমি কি আর কোনও প্রজেক্ট নিচ্ছ না? কিছুদিন বিরতি নিতে চাও? নাকি হিন্দি ছবিতে আর গান গাইবে না? এমন করো না বন্ধু, তাহলে আমাদের কী হবে?”
ভিডিওতে উঠে এসেছে আমিরের মুর্শিদাবাদ সফরের একাধিক আবেগঘন মুহূর্ত। কখনও দু’জনে একসঙ্গে ঘুড়ি ওড়াচ্ছেন, কখনও পাড়ার মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমির।
একটি দৃশ্যে দেখা যায়, অরিজিত নিজে হাতে চা পরিবেশন করছেন আমির ও অতিথিদের। নিজের বাড়ির ছোট্ট স্টুডিয়োয় বসে ‘এক দিন’ গানটি গাইছেন তিনি, মন দিয়ে শুনছেন আমির।
অরিজিত একে একে পরিবেশন করছেন নানা পদ। পাশাপাশি দাবা খেলা ও রাতের স্কুটি-রাইডেও মেতে ওঠেন তাঁরা। ভিডিওর শেষে আমির অরিজিতকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি তাঁর কাছে এক “স্মরণীয় সফর”।
