কলকাতা- আন্তর্জাতিক নারী দিবসের আগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্না মঞ্চ থেকে তিনি জানান, ‘যুবসাথী’ প্রকল্পের টাকা ১ এপ্রিলের বদলে এই শনিবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, “আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। উপহার হিসেবে ১ এপ্রিলের সময়সীমা এগিয়ে এনে আজ থেকেই যুবসাথীর টাকা দেওয়া হচ্ছে। ২১ থেকে ৪০ বছর বয়সি প্রায় ১ কোটি যুবক-যুবতী, যাঁরা অন্য কোনও ভাতা পান না, তাঁরা এই সুবিধার আওতায় রয়েছেন।”
লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ভাগচাষিদের ভাতার প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন, রাজ্য সরকার সর্বদা সাধারণ মানুষের পাশে আছে।
ধর্না মঞ্চ থেকে এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আচমকা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন, “ভোটের এক মাস আগে কেন রাজ্যপাল বদলে দিলেন? কারণ আমি জানি, কিন্তু বলব না। তাঁকে থ্রেট করা হয়েছে। অনেকে চায় না রাজভবন বিজেপির পার্টি অফিস হোক।”
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে বেকারত্ব ৪০ শতাংশ কমেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এখন দেশে এক নম্বরে। শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেওচা-পচামি প্রকল্প এবং ছ’টি নতুন ইকোনমিক করিডোর—সব মিলিয়ে রাজ্যে কর্মসংস্থানের জোয়ার আসবে।
