কলকাতা- ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ এবং বাদ যাওয়া নিয়ে চলছে টানাপোড়েন। তার অবসান হতে চলেছে আগামী ৭ এপ্রিলের মধ্যে।
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ৭ এপ্রিলের মধ্যেই বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে।
আদালত স্পষ্ট জানাল, ভোটার তালিকায় নাম থাকা বা বাদ যাওয়া নিয়ে উদ্বেগের কিছু নেই, কারণ এবারের নির্বাচনে কেউ ভোট দিতে না পারলেও তাঁর ভোটাধিকার চিরকালের জন্য চলে যাচ্ছে না।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে প্রাপ্ত একটি চিঠির বরাত দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, ইতিধ্যেই ৪৭ লক্ষ কেসের সমাধান হয়েছে এবং প্রতিদিন গড়ে ২ লক্ষ করে কেসের নিষ্পত্তি করা হচ্ছে।
২০ মার্চ নির্বাচন কমিশন যে ‘অ্যাপেলেট ট্রাইবুনাল’ গঠনের কথা জানিয়েছিল, তার কাজ বৃহস্পতিবার থেকেই পুরোদমে শুরু হতে চলেছে। আদালত এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও বিপুল পরিমাণ ‘ফর্ম ৬’ (নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন) জমা পড়ছে। এর জবাবে কমিশনের আইনজীবী ডিএস নাইডু জানান, নিয়ম অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত যে কেউ আবেদন করতে পারেন।
