এই প্রথম নববর্ষে কলকাতার বাইরে থাকবেন মমতা! পয়লা বৈশাখ উত্তরবঙ্গে মেগা পদযাত্রা মুখ্যমন্ত্রীর

কলকাতা- রাজ্যে প্রথম দফার ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই চড়ছে প্রচারের পারদ। ২৩ এপ্রিল উত্তরবঙ্গসহ রাজ্যের ১৫২টি আসনে নির্বাচন।

শেষবেলার প্রচারে ঝড় তুলতে উত্তরবঙ্গ সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলা নববর্ষের দিনটি শিলিগুড়িতেই কাটাবেন তিনি।

সাধারণত পয়লা বৈশাখের দিন মুখ্যমন্ত্রী কলকাতার বাইরে কোথাও যান না। তবে এবারের নির্বাচনের গুরুত্ব বিচার করে তিনি সেই প্রথা ভেঙে শিলিগুড়িকেই বেছে নিয়েছেন।

দলীয় সূত্রে খবর, বাংলা নববর্ষের দিন শিলিগুড়ি পৌঁছে তৃণমূল প্রার্থী গৌতম দেবের সমর্থনে একটি বিশাল পদযাত্রা করবেন তিনি। প্রতি নির্বাচনেই মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি আসেন এবং হিলকার্ট রোডে পদযাত্রা করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

জানা গেছে, শিলিগুড়ির প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিলকার্ট রোডেই এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। সচরাচর মাল্লাগুড়ি থেকে হাসমিচক বা বাঘাযতীন পার্ক পর্যন্ত এই মিছিল হয়। তবে এবারের পদযাত্রা ঠিক কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে, সেই সূচি এখনও চূড়ান্ত হয়নি।

প্রথম দফার ভোটের আগে খোদ দলনেত্রীর এই ঝটিকা সফর উত্তরবঙ্গের তৃণমূল কর্মীদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *