১০ টাকার ঝালমুড়ি! কপাল ফিরল বিক্রমের! মোদি দোকানে আসতেই রাতারাতি সেলিব্রেটি ঝাড়গ্রামের যুবক

কলকাতা- ১২ বছর ধরে ঝাড়গ্রামে ঝালমুড়ি, ছোলা আর বাদাম ভাজা বিক্রি করছেন বিক্রমকুমার সাউ। প্রতিদিনের মতোই সাধারণ এক রবিবার ছিল তাঁর কাছে।

বিকেল গড়াতেই বদলে গেল জীবনের মোড়। দেশের প্রধানমন্ত্রী স্বয়ং তাঁর দোকানের সামনে দাঁড়িয়ে খেলেন ১০ টাকার ঝালমুড়ি।

বিকেলবেলা আচমকাই বিক্রমের দোকানের সামনে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের আনাগোনা শুরু হয়। বিক্রম তখনও আঁচ করতে পারেননি কী হতে চলেছে।

হঠাৎই কনভয় থামিয়ে তাঁর সামনে এসে দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রম জানান, মোদিজি আসার ১৫ মিনিট আগে থেকেই সিকিউরিটিরা ঘুরছিলেন। কিন্তু তিনি যে তাঁর দোকানেই আসবেন ভাবেননি।

মুড়ি আছে কি না জিজ্ঞেস করতেই তিনি প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। এরপর ১০ টাকার মুড়ি খান মোদি। মুড়ির টাকা নিতে না চাইলেও উনি জোর করে টাকাটা দিয়ে যান।

একসময় রাস্তা সম্প্রসারণের জন্য দোকান ভেঙে যাওয়ায় কার্যত পথে বসেছিলেন বিক্রম। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পুনর্বাসন পান বিক্রম সহ ৫৪ জন দোকানদার।

২০২৫ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রীর নির্দেশে পাওয়া সেই স্থায়ী দোকানেই আজ প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করলেন বিক্রম।

বিক্রমের বাবা-মায়ের কাছে অনবরত ফোন আসছে আত্মীয়-পরিজনদের। সবার একটাই জিজ্ঞাসা— ঠিক কী কথা হলো প্রধানমন্ত্রীর সাথে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *