কলকাতা- বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্রটি এখন সারা ভারতের নজর। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন আর জি কর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ।
তাঁর সমর্থনে ভোটপ্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলের মতে, পানিহাটিতে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি কেবল একটি নির্বাচনী সভা নয়, বরং আর জি কর ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলার এক বড় মঞ্চ হতে চলেছে।
২০২৪-এর অগাস্টের সেই মর্মান্তিক ঘটনার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা হতে চলেছে অভয়ার পরিবারের। আগামী ২৪ এপ্রিল, অর্থাৎ প্রথম দফার ভোট শেষ হওয়ার ঠিক পরদিনই পানিহাটিতে সভা বা রোড শো করতে পারেন মোদি।
সময় সুযোগ হলে প্রধানমন্ত্রী নির্যাতিতার বাড়ি গিয়ে তাঁর বাবার সঙ্গেও দেখা করতে পারেন। অমিত শাহ থেকে শুরু করে আটটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন রাজ্যে পড়ে রয়েছেন, তখন প্রধানমন্ত্রী বেছে নিচ্ছেন পানিহাটির মতো তাৎপর্যপূর্ণ কেন্দ্রগুলিকে।
