কলকাতা- তৃণমূল জমানার অন্যতম চর্চিত কর্মসূচি ‘মুখ্যমন্ত্রীকে বলুন’-এর ইতি টানল রাজ্যের বর্তমান সরকার।
বুধবার নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে নতুন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে রাজ্যের মানুষ সরাসরি সরকারের কাছে তাঁদের অভাব-অভিযোগ জানাতে পারবেন ‘আপনার সরকারকে বলুন’ কর্মসূচির মাধ্যমে।
দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমলে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ এবং ‘দিদিকে বলো’—এই দুই কর্মসূচি নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত ছিল। সাধারণ মানুষের অভিযোগ ছিল, ওই কর্মসূচিগুলিতে ফোন করেও কোনও সুরাহা মিলত না।
মুখ্যমন্ত্রী বলেন, ‘পুরোনো ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সাধারণ মানুষের কাছে আরও দ্রুত পৌঁছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই নতুন কর্মসূচি কার্যকর হবে।’ জানা গিয়েছে, এই প্রকল্পের নামকরণের দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে।
প্রশাসনিক সূত্রে খবর, ‘আপনার সরকারকে বলুন’-এর জন্য খুব শীঘ্রই নতুন হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে। পুরোনো সমস্ত নম্বর বাতিল করে নতুন প্রক্রিয়ায় যাতে প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।
