কলকাতা- নিজের রাজনৈতিক জীবনে দ্বিতীয়বার বহিষ্কারের তকমা পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায। বিধানভায় সই জালিয়াতির অভিযোগ তুলে বিতর্কে জড়াতেই তাঁকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। আর এবার প্রাক্তন সতীর্থ ঋতব্রতকে কড়া ভাষায় আক্রমণ শানালেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।
প্রায় নয় বছর আগে দলবিরোধী কাজের অভিযোগে সিপিএম (CPM) থেকে বহিষ্কৃত হয়েছিলেন ঋতব্রত। এবার তৃণমূলের অন্দরেও একই অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠল। এই প্রেক্ষিতে শতরূপ ঘোষ বলেন, ‘বাংলার রাজনীতির প্রথম নায়ক, যিনি একটি জীবনে দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন। কতখানি যমের অরুচি হলে এমনটা হতে পারে!’
এমনকী ঋতব্রতকে ‘বেইমান’ ও ‘গদ্দার’ আখ্যা দিয়ে শতরূপ আরও বলেন, ‘সিপিএম তাঁকে ছাত্র আন্দোলনের নেতা, এমনকি কম বয়সে সাংসদ করেছিল। কিন্তু সেই দলের সঙ্গেই বেইমানি করেছিলেন তিনি। তাই তৃণমূলের সঙ্গেও যে একই কাজ করবেন, তা আগে থেকেই জানা ছিল।’
তৃণমূল নেতৃত্বের দিকেও আঙুল তুলেছেন শতরূপ। তাঁর দাবি, ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার পর যখন সিপিএমের দুর্নাম করতেন, তখন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আনন্দ পেত। কিন্তু আজ সেই ঋতব্রত যখন নিজের ঘরেই বেইমানি করেছেন, তখন তৃণমূলকে এই পরিস্থিতির সম্মুখীন হতেই হত।
