বিক্ষোভকারীর হাতে অস্ত্র! বিমানবন্দর-কাণ্ডে ভিডিও প্রকাশ করে বিজেপিকে নিশানা অভিষেকের

কলকাতা- দিল্লি সফর সেরে কলকাতা বিমানবন্দরে ফেরার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ। এমনকী হাতাহাতির ঘটনাও ঘটেছিল। এবার ওই বিমানবন্দর-কাণ্ডে সরাসরি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দাবি করেন, এই ঘটনায় বিজেপির প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে।

অভিষেক যে ভিডিও প্রকাশ করেন, সেখানে হলুদ পোশাক পরা এক যুবকের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। তৃণমূল সাংসদের দাবি, ওই ব্যক্তির নাম উত্তম দাস। তিনি দমদমের বাসিন্দা এবং একজন স্থানীয় বিজেপি নেতা।

অভিষেকের অভিযোগ, এই উত্তম দাসকে সম্প্রতি শুভেন্দু অধিকারীর বাসভবন ‘শান্তিকুঞ্জ’-এর সামনে একটি ব্রোঞ্জের চিতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, যা বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রমাণ দেয়।

শুক্রবার দিল্লি থেকে ফেরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিক্ষোভ দেখানোর জন্য বিমানবন্দরে ডিম হাতে জড়ো হয়েছিলেন বিজেপি সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে তৃণমূল কর্মীরাও পৌঁছে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি ও মারপিটে বিমানবন্দর চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৫ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচু রয়েছেন, যিনি রাজনৈতিক মহলে ব্রাত্য বসুর ‘ঘনিষ্ঠ’ হিসেবেই পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *