কলকাতা- ফলতা থানায় হামলার ঘটনায় পুলিশের অভিযান আরও জোরদার হল। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর এবার গ্রেফতার করা হল কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রীকে।
ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, থানায় হামলার ঘটনার পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন এক পরিচিতের বাড়িতে। এই গ্রেফতারের ফলে ফলতা থানায় হামলা মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭।
পুলিশের দাবি, গত ১৬ মে জাহাঙ্গির খানকে ছাড়িয়ে আনার উদ্দেশ্যে তার স্ত্রীর নেতৃত্বেই থানায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। সেদিন ফলতার শতল কলসায় এলাকায় বিক্ষোভ কর্মসূচি চলছিল। পরে সেই বিক্ষোভ আরও উত্তেজনাপূর্ণ রূপ নেয় এবং জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে মিছিল করে এগোতে থাকে।
গোয়েন্দা সূত্রে পুলিশ আগেই খবর পেয়েছিল যে, বিক্ষোভকারীদের একাংশ থানায় হামলা চালিয়ে জাহাঙ্গির খানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। সেই আশঙ্কার জেরেই আগে থেকে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ।
সেদিন পুলিশের তাড়া খেয়ে বহু বিক্ষোভকারী ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাণ বাঁচাতে অনেকে কাছের পুকুরে ঝাঁপ দেন। সেই ঘটনার দুটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ দাবি করেছে, গোটা ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা ছিল জাহাঙ্গিরের স্ত্রীর। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর নামে এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে অস্ত্র আইন ও বিস্ফোরক আইনের অধীনেও নতুন মামলা রুজু করা হয়েছে।
