আবার বিদেশ যাত্রার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত?

কলকাতা- ভোট পরবর্তী রাজনৈতিক অস্থিরতা এবং দলের অন্দরে ক্রমবর্ধমান বিরোধিতার মাঝেই চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রায় এক সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়।

তার পর থেকে তিনি চোখের দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন। এই চিকিৎসার জন্য অতীতেও তাঁকে হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় যেতে হয়েছে। একাধিকবার অস্ত্রোপচারও হয়েছে।

নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের একটি মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেককে নির্দেশ দিয়েছিল যে, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না। সেই নির্দেশ মেনেই এদিন আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।

দলের সংকটের সময় অভিষেকের বিদেশ যাত্রা এবং আদালতের সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছে রাজ্য-রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *