আহমেদাবাদে অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্সের খোঁজ মিলল, তদন্তে উঠে আসবে দুর্ঘটনার আসল কারণ!

কলকাতা – বৃহস্পতিবার ভয়াবহ বিমান বিপর্যয়ের সাক্ষী থেকেছে আহমেদাবাদ। মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ২৩০ জন যাত্রী এবং পাইলট, কো-পাইলট সহ ১২ জন ক্রু সদস্য ছিলেন।

যাত্রীদের মধ্যে ১৬৯ জনই ভারতীয়। এছাড়া ব্রিটিশ নাগরিক ছিলেন ৫৩ জন, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল বলে খবর। এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনেরই মৃত্যু হয়। জীবিত অবস্থায় ফেরেন মাত্র একজন।

দুর্ঘটনার পর হদিস মিলেছে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১-এর একটি ব্ল‍্যাক বক্সের। বিমানে সচরাচর দুটি করে ব্ল্যাক বক্স থাকে। একটি সামনের দিকে, একটি পেছনের দিকে। দুটির মধ্যে একটি ব্ল্যাক বক্সের হদিস পাওয়া গিয়েছে। সেটি অক্ষত আছে। দ্বিতীয় ব্ল্যাক বক্সটির হদিস এখনও পাওয়া যায়নি। ইতিমধ্যেই ডিজিসিআইয়ের (DGCI) ডিরেক্টর জেনারেলের কাছে ওই ব্ল্যাক বক্সটি পাঠিয়ে দেওয়া হয়েছে।

দুটি ব্ল্যাক বক্সের একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। কোনও দুর্ঘটনা হলে এই দুই রেকর্ডিং থেকে কী ঘটেছিল সেটার একটা ছবি ভেসে ওঠে তদন্তকারীদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *