কলকাতা- তিহাড় জেল থেকে ফেরার পর রাজনীতি থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকার দেন তিনি।
তৃণমূলের বর্তমান পরিস্থিতি এবং দলের অন্দরের অস্থিরতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন। স্পষ্ট ভাষায় জানালেন, সম্মান না পেলে আর দলের সঙ্গে থাকবেন না তিনি।
তৃণমূলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য সরাসরি ‘আইপ্যাক’ (I-PAC)-কে কাঠগড়ায় তুলেছেন অনুব্রত। তিনি বলেন, “১৯৯৮ সালে যখন দল তৈরি হয়, তখন কোনো বাইরের সংস্থার প্রয়োজন হয়নি। আমাদের মতো সাধারণ কর্মীরাই দলকে টেনে নিয়ে গিয়েছিলাম। কিন্তু বর্তমানে আইপ্যাকের মতো সংস্থাকে নিয়োগ করার ফলেই সংগঠনের ভিত্তি দুর্বল হয়েছে। তারা রাজনীতির কিছুই জানে না, শুধু টাকা কামাতেই এসেছিল।”
অনুব্রতের অভিযোগ, ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এই সংস্থাটি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল, যা দলের ভাবমূর্তিকে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের একাকীত্ব নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেন অনুব্রত। তিনি বলেন, “দিদিকে আমরা সকলেই খুব ভালোবাসতাম। কিন্তু শেষ দিকে উনি কার পাল্লায় পড়লেন, বুঝতে পারছি না।”
এবারের বিধানসভা নির্বাচনে কেন তাঁকে নিষ্ক্রিয় দেখা গিয়েছে, তার কারণ হিসেবে অনুব্রত দাবি করেন, দল তাঁকে কোনো দায়িত্বই দেয়নি। তিনি বলেন, “কোর কমিটির বৈঠকে আমাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, কোনো বিধায়ক না ডাকলে আমার যাওয়ার দরকার নেই। তাহলে আমি আগ বাড়িয়ে কেন যাব? বিজেপির কর্মীরা খেটেছে, তাই তারা জিতেছে।”
