কলকাতা- রাজ্যে শিল্পায়নের জোয়ার আনতে মরিয়া নতুন সরকার। সিঙ্গুরের বন্ধ কারখানা এবং শিল্প-মানচিত্র থেকে হারিয়ে যাওয়া টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি বেশ জটিল। তিনি স্পষ্ট করেন, বর্তমানে সিঙ্গুরের জমির মালিকানা রাজ্য সরকারের হাতে নেই। বিগত সরকার জমির মালিকানা কৃষকদের ফিরিয়ে দিয়েছিল। তবে দীর্ঘ ১৫ বছরে সেই জমি না-হচ্ছে চাষযোগ্য, না-হচ্ছে শিল্প-উপযোগী। শুভেন্দুর কথায়, “মাটির স্তরে টাটার রড ও সিমেন্ট মিশে যাওয়ায় মাটির প্রকৃতি বদলে গিয়েছে। সেখানে ধান বা আলু চাষ অসম্ভব, মাছ চাষেও বাধা সৃষ্টি হয়েছে।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন শিল্পমন্ত্রী তাপস রায়ের তত্ত্বাবধানে এবং শিল্প সচিবের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। যারা রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের প্রস্তাবগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে।
শুভেন্দু জানান, কেবল ফটোসেশনের জন্য বিনিয়োগকারীদের প্রয়োজন নেই; যারা সত্যিই কাজ করতে আগ্রহী, তাদেরই স্বাগত জানানো হবে। এছাড়া আসন্ন বাজেটে শিল্পের জন্য বড়সড়ো ঘোষণা করারও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শিল্পমন্ত্রীর দায়িত্ব নিয়েই তাপস রায় জানিয়েছেন, তাঁর প্রথম অগ্রাধিকার হলো শিল্পপতিদের রাজ্যে ফিরিয়ে আনা। তিনি বলেন, “সিঙ্গুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গত ১৫ বছরে প্রায় ৬ হাজার ৬৮৮টি ছোট-বড় কারখানা বন্ধ হয়ে গিয়েছে। আমার লক্ষ্য হলো ওই অনাচার ও অত্যাচারে চলে যাওয়া শিল্পপতিদের ফিরিয়ে আনা এবং সিঙ্গুরের অচলাবস্থা কাটিয়ে শিল্প ও কৃষির মধ্যে ভারসাম্য তৈরি করা।”
