কলকাতা- সংসদীয় রাজনীতিতে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবীণ সিপিআইএম নেতা ও দুঁদে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর যে অবসরকালীন ভাতা বা পেনশন তাঁর প্রাপ্য ছিল, তা নিতে অস্বীকার করলেন তিনি।
বৃহস্পতিবার সরাসরি রাজ্যসভার মহাসচিবকে চিঠি লিখে তিনি তাঁর এই ব্যক্তিগত ও নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, “একজন প্রাক্তন সাংসদ হিসেবে যে পেনশন পাওয়া যায়, তা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।”
গত ২ এপ্রিল তাঁর রাজ্যসভার মেয়াদ পূর্ণ হয়েছে। নিয়মানুযায়ী এরপর থেকেই তাঁর পেনশন চালু হওয়ার কথা ছিল, কিন্তু সেই আর্থিক সুযোগ তিনি হেলায় প্রত্যাখ্যান করলেন।
কেন তিনি পেনশন নেবেন না, তা চিঠিতে খোলাসা না করলেও ওয়াকিবহাল মহলের মতে, এটি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শ ও নৈতিকতার অংশ। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী হিসেবে তিনি যথেষ্ট স্বাবলম্বী। তাই সরকারি কোষাগারের ওপর চাপ না বাড়িয়ে সেই অর্থ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২০ সালে বাংলা থেকে রাজ্যসভায় গিয়েছিলেন তিনি। বর্তমানে বিধানসভায় বামেদের কোনও আসন না থাকায় এবার রাজ্যসভায় কেউ যেতে পারেননি। তবে রাজ্যসভা থেকে ফিরেই বিকাশরঞ্জন বাবু নেমে পড়েছেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মহারণে। এবার যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বামেদের বাজি তিনিই।
