কলকাতা- সাত সপ্তাহ ধরে যুদ্ধ। তার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজের প্রথম কনভয় চলাচলের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে সংঘাত শুরু হয়েছে।
শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গুলিবর্ষণের শিকার হয়েছে বলে সামুদ্রিক নিরাপত্তা ও শিপিং সূত্রগুলো নিশ্চিত করেছে।
ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর পুনরায় ‘কঠোর সামরিক নিয়ন্ত্রণ’ আরোপ করার ঘোষণা দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটল।
শনিবার সকালে মেরিটাইম ট্র্যাকার আটটি তেলের ট্যাঙ্কারের একটি কনভয়কে প্রণালী অতিক্রম করতে দেখেছিল। গত সাত সপ্তাহের মধ্যে এটিই ছিল প্রথম বড় ধরনের জাহাজ চলাচল।
ইরান অভিযোগ করেছে, ওয়াশিংটন তাদের ওপর নৌ-অবরোধ জারি রেখেছে। তাই তেহরান পুনরায় প্রণালীটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
আগামী বুধবারের মধ্যে শান্তি চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। উল্লেখ্য, বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে।
ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, মার্কিন ‘উস্কানি’র কারণে তারা জলপথটি আবারও তাদের সরাসরি সামরিক নিয়ন্ত্রণে ফিরিয়ে নিয়েছে। এই হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
